নোয়াখালীর সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সরকারি পাবলিক টয়লেটের জমি দখল করে বিএনপির নামে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই সব স্থাপনা ভেঙে জমি দখলমুক্ত করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে যান তিনি। অভিযোগের সত্যতা পেয়ে নিজে উপস্থিত থেকে ঘরগুলো ভেঙে দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের ওই সরকারি জায়গাটি পাবলিক টয়লেটের জন্য বরাদ্দ ছিল। গত ১০ বছরের বেশি সময় ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জায়গাটি দখল করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জায়গাটি পুনরায় দখল করে বিএনপি নামধারী একটি কুচক্রী মহল। তারা সেখানে বেশ কয়েকটি দোকান ঘর তুলে ভাড়া দেয় এবং বিএনপির কার্যালয়ের নামে একটি সাইনবোর্ডও টানায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি এমপিকে অবগত করেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, "স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহান এর উপস্থিতিতে অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গাটি দলের নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে আমরা দখলমুক্ত করেছি। দলের ত্যাগী নেতারা কখনও সংগঠন বহির্ভূত এসব কর্মকাণ্ডের সাথে জড়াবে না। দখলমুক্ত এই সরকারি জায়গাটি জনসাধারণের কাজে ব্যবহার করা হবে।"

এমপি মো. শাহজাহান বলেন, "সরকারি জায়গা দখল করার সুযোগ কারও নেই। সরকারি জায়গায় সরকার যদি বরাদ্দ দেয় সেটি জনস্বার্থে ব্যবহার হবে। কোনভাবে সেটিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। ব্যক্তি স্বার্থে সরকারি বা জনসাধারণের ব্যবহারের জায়গা দখল করে দলীয় পরিচয় ব্যবহার করার সুযোগ নেই।"

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে সরকারি ও পাবলিকের জায়গা দখল এবং দলীয় পরিচয়ের অপব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।