নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ বোতল বিদেশি মদসহ ছয়জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চুঙ্গির পাড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, হবিকুল (২৫), রুবেল হাসান (২৯), রাকিব (২২), মো. মিজানুর রহমান (২৮), ফারুক মিয়া (২৮) ও নূর ইসলাম হোসেন সবুজ (২৭)।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩-এর পূর্বাচল ক্যাম্পের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনে নজরদারি করছিল। এ সময় ঢাকা মেট্রো-গ-২৯-৫৪৩৩ নম্বরের একটি প্রাইভেটকার চেকপোস্টের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সেটি থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের পেছনের আসন ও ব্যাকডালায় লুকিয়ে রাখা ৩০০ বোতল বা ১৮০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কট প্রাইভেটকার, চারটি পুরোনো স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

এসআরবির দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে বিদেশি মদ এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় এসআরবি।