ঢাকায় চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে একটি চিঠি প্রদান করেছেন। চিঠিতে চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চিঠিটি তুলে দেন।

চিঠিতে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় ডা. শফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অনুষ্ঠানে অংশ নেন।