মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে দায়িত্ব শেষ করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে স্বাগত জানাতে থানায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বিদায়ী ওসি আফজাল হোসেনকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। কেউ কেউ তার জন্য বাড়ির লাউ, মৌসুমি ফল ও হাঁস-মুরগিও নিয়ে আসেন। পরে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে তাকে নতুন কর্মস্থলের উদ্দেশে বিদায় জানানো হয়। এ সময় অনেকের চোখে পানি দেখা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, "ওসি আফজাল হোসেন সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি নিয়মিত বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন।"

নবাগত ওসি জে ও এম তৌফিক আজম বলেন, "আমাদের বদলির চাকরি। আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুরবাসীর সহযোগিতা চাই।"

বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, "বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা সত্যিই অকল্পনীয়। এরকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখিনি। হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি সারাজীবন মনে থাকবে।"

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ওসি হিসেবে জে ও এম তৌফিক আজম যোগদান করেন। বুধবার দায়িত্ব গ্রহণের পরদিনই বিদায়ী ওসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানানো হয়।