গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার অভিযানে নামার সময় মারধরের শিকার হয়েছেন দুই গ্রাম পুলিশ সদস্য। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। ঘটনার পর ইউসুফ শেখকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদিকে, প্রাথমিক চিকিৎসা নিয়ে শ্যামল কুমার বিশ্বাস বাড়ি ফিরেছেন।
আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস জানান, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশনায় তারা আগেও অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছেন। বুধবার তার নির্দেশনা অনুযায়ী বড় ডুমুরিয়া এলাকায় জাল উদ্ধারে গেলে ৩-৪ জন তাদের ওপর হামলা করে মারধর করেন।
তিনি অভিযোগ করেন, মারধরের সময় হামলাকারীরা তাদের কাছে জানতে চান, ‘কার নির্দেশে তোরা জাল উদ্ধার করতে এসেছিস।’ এ সময় তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম। তিনি জানান, আহত দুই গ্রাম পুলিশের খোঁজ নেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।