শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে অভিহিত করে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

গত বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্ত জানান। ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, “আমি বিশ্বাস করি যে, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, আল্লাহকে সাক্ষী রেখে তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য ছিল সমাজের নির্যাতিত এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করা। বিশেষ করে নিজের এলাকার যেসব মানুষ জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের হয়ে কথা বলাই ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান লক্ষ্য।

মুতাসিম বিল্লাহ জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার দাবি অনুযায়ী, ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ জাতীয় নির্বাচন পর্যন্ত বহাল ছিল।

তবে নির্বাচনের পরবর্তী সময়ে চাকরি, পারিবারিক দায়িত্ব এবং ক্যারিয়ারের ব্যস্ততার কারণে তিনি আর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারেননি বলে ভিডিও বার্তায় জানান তিনি।

রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মুতাসিম বিল্লাহ আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড চলাকালীন সময়ে যদি অজান্তে কিংবা ভুলবশত কোনো কথা বা কাজের মাধ্যমে তিনি কাউকে আঘাত করে থাকেন, তবে তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে সেই সময়ে যারা তাকে সঠিক পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনীতি থেকে চূড়ান্ত বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি।”

রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ালেও দেশের মাটি ও মানুষের প্রয়োজনে যেকোনো সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ভিডিও বার্তার শেষ অংশে মুতাসিম বিল্লাহ তার জন্মভূমি টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের সাধারণ মানুষের জন্য শুভকামনা জানান। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়ে তাদের সুস্থতা, সফলতা ও বিজয় কামনা করেন তিনি।