ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় পানিতে ভাসমান একটি ড্রাম থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা খবর পেয়ে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। পরে ড্রামের ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

ওসি বলেন, "বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় পানিতে একটি ড্রাম ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।"

পুলিশ জানায়, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ড্রামের ভেতর রেখে পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।