বরিশাল নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
মৃত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি ওই বাসার দোতলায় একা থাকতেন। তার বড় ছেলে এবং বোনের ছেলে মাঝেমধ্যে তাকে দেখতে আসতেন।
বাসার মালিকের স্ত্রী রিনা বেগম জানান, দুই দিন আগে তিনি আমেনা খানমের সাথে দেখা করেছিলেন। গতকাল বুধবার বিকেলে আমেনার বোনের ছেলে তাকে দেখতে এসে দরজা তালাবদ্ধ পান। পরে রাতে অন্য ভাড়াটিয়ারা ঘর থেকে দুর্গন্ধ আসার বিষয়টি রিনা বেগমকে জানায়। তিনি বিষয়টি মৃতের ছেলে রিফাতকে জানান। ভোরে পুলিশের সহযোগিতায় রিফাত ঘরের তালা খোলেন এবং সেখানে আমেনা খানমের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, "পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"