খুলনার হরিণটানা এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যাকাণ্ডের মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ আসিফ খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি এলাকার শেখ মিরাজের ছেলে। এসআরবি-৬-এর বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বরে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী রিফাত, অ্যাগ্রোটেকনোলজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রতাপ সরকার এবং খানজাহান আলী হলের গেটের সামনে অবস্থিত রুবেল জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে বিচারক মো. ইব্রাহিম খলিলের সামনে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, জবানবন্দিতে রিফাত হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়া তিনি হত্যাকাণ্ডে জড়িত আরও ১২ থেকে ১৩ জনের নাম উল্লেখ করেন। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, রিফাতের দেওয়া তথ্য যাচাই করে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।