নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্বামী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চিতাশাল এলাকার ১নং গলিতে এই ঘটনা ঘটে।
নিহতের নাম শামীম। তিনি শরীয়তপুরের ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। পেশায় অটোরিকশাচালক শামীম চিতাশাল এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আহত স্ত্রীর নাম ময়ূরী।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও তার স্ত্রী ময়ূরীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শামীম স্ত্রীর গলায় ছুরিকাঘাত করেন। এরপর ঘরের ভেতরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং ময়ূরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে। শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।