বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দলের মধ্যে থাকা ঐক্যে ফাটল ধরেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, "গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করে সরকারের সুযোগ ছিল জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার। কিন্তু সরকার তা না করে গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। শুধু তাই নয়, সরকারের গঠনমূলক সমালোচনা করা থেকে গণমাধ্যম মুখ ফিরিয়ে রেখেছে। ফলে জনগণের মাঝে গণমাধ্যমের গ্রহণযোগ্যতাও দিন দিন কমছে।"

সভায় জামায়াত বাংলাদেশে একটি সভ্য রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অবস্থান তুলে ধরেন আমির। তিনি জানান, সরকারি কোনো অতিরিক্ত সুবিধা জামায়াতের এমপিরা গ্রহণ করবেন না। পাশাপাশি, এমপিদের বেতন বৃদ্ধির যে কোনো উদ্যোগের বিরুদ্ধে দলটি অবস্থান নিবে বলেও ঘোষণা করেন তিনি।