মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের লছনা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই তরুণ পাপ্পু নায়েক ও জয় সিং স্বজনের শেষ বিদায় জানিয়ে ঘরে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লছনা এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি চা-বাগানের সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক, অমিত সিংয়ের ছেলে জয় সিং ও অটোরিকশা চালক আনোয়ার আলী। তার বাড়ি বাহুবলে বলে জানা গেছে।
নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, পাপ্পু ও জয় মঙ্গলবার হবিগঞ্জের চণ্ডীছড়া চা-বাগানে এক স্বজনের মরদেহ দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতদের প্রতিবেশী স্মরণ সিং বলেন, "পাপ্পু ও জয় চণ্ডীছড়া চা-বাগানে গিয়েছিল স্বজনকে শেষ দেখা দেখতে। সন্ধ্যার দিকে জয় তার বড় ভাইয়ের কাছে ফোন করে ভাড়ার টাকা চেয়েছিল। তার বড় ভাই টাকা পাঠালেও সেই টাকা ওদের কাজে লাগল না। হাসপাতালে এসে দেখি দুজনের নিথর দেহ পড়ে আছে।"
সাতগাঁও হাইওয়ে থানার পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, "দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাসটিকে আটক করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"