দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন দিনাজপুর কোতোয়ালি থানার দপ্তরিপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। জানা যায়, হারুন পিকআপ চালক এবং রতন একই গ্যারেজে কর্মরত।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লিলির মোড় থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে হারুন ও রতন বালুবাড়ির দিকে যাচ্ছিলেন। হাসপাতাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার তাদের থামার সংকেত দিলেও তারা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে সার্জেন্ট রুপক কুমার তাদের ধাওয়া করে আটক করেন। এ সময় তাদের বহন করা লাল রঙের একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ওয়ান শুটার ও কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযানে ট্রাফিক কনস্টেবল শাহনেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক দুজনকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, "মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।"
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার জানান, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএমের নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল মোড়ে অভিযান চালানো হয়। আটক দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তিনি আরও জানান, আটক হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।