ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলনের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জরুরি ভিত্তিতে টাকা চেয়ে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংসদ সদস্যের ফোনটি হ্যাক করা হয়েছে। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় এমপি সাইফুল আলম খানের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঢাকা স্ট্রিমের এক সাংবাদিকের কাছে একটি বার্তা পাঠানো হয়। বার্তায় লেখা ছিল, ‘জরুরি বিকাশে ৩৫ হাজার টাকা দেওয়া যাবে এখন, আমি রাতে টাকা দিয়ে দিবনি।’ পরবর্তীতে ফিরতি বার্তায় টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর জানতে চাওয়া হলে আর কোনো উত্তর পাওয়া যায়নি।
বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করা হলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার নম্বরটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলকে বিশেষভাবে অনুরোধ জানান যে, উক্ত নম্বর থেকে কোনো ধরনের সন্দেহজনক বার্তা বা ফোন এলে তা পুরোপুরি এড়িয়ে চলুন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণার একই ধরনের চিত্র তুলে ধরেছিলেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, ক্ষমতাসীন দলের তিনজন সংসদ সদস্যের মোবাইল নম্বর থেকে তার কাছে জরুরি ভিত্তিতে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছিল।
সেই সময় সংসদ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, শুধু মোবাইল নম্বর হ্যাকই নয়, প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিং ও স্বাক্ষর জালিয়াতির মতো আশঙ্কাজনক প্রতারণাও চালিয়ে যাচ্ছে চক্রটি।