দেশে বর্তমানে তৈরি হওয়া জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিএনপিকে দায়ী করা যাবে না। এটি মূলত প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট একটি সমস্যা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি।
সম্প্রতি মুক্তকণ্ঠের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে তিনি বলেন, "বিদ্যুৎ, গ্যাস ও তেল নিয়ে দেশে যে সংকট তৈরি হচ্ছে, তা মূলত প্রাকৃতিক ও বৈশ্বিক সমস্যা"। কাতার ও হরমুজ প্রণালিতে চলমান যুদ্ধের প্রভাব এবং অভ্যন্তরীণ কারখানায় অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলো জ্বালানি খাতে বিশাল বিপর্যয়ের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বিএনপির কোনো হস্তক্ষেপ বা সমাধান নেই বলেও উল্লেখ করেন তিনি।
ড. নিলোফার চৌধুরী মনি আরও জানান, বর্তমান সরকারকে চড়া জরিমানা দিতে হচ্ছে আওয়ামী লীগ সরকারের কুইক রেন্টাল প্রকল্প এবং ভারতের আদানির সঙ্গে করা অসম চুক্তির কারণে। বিগত সরকার ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে দাবি করেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। ক্ষমতায় আসার পর বর্তমান সরকার সেই দীর্ঘদিনের অব্যবস্থাপনার ভারী অর্থনৈতিক বোঝা বহন করছে।
এছাড়া তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের টাকা বিদেশে অপচয় না করে কম খরচে সোলার প্ল্যান্ট বা সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং দূর করার স্থায়ী সমাধানের পরিকল্পনা হাতে নিয়েছেন। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সোলার প্ল্যান্টগুলো স্থাপন সম্পন্ন হলে বিদ্যুৎ সমস্যার স্থায়ী অবসান ঘটার কথা রয়েছে। প্রয়োজনে কাবিখা ও টিআর খাতের বরাদ্দ ব্যবহার করে গরিব মানুষের ঘরের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।