গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে পৃথকভাবে রেললাইনের পাশ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জয়দেবপুরে অজ্ঞাতপরিচয় এক পুরুষ এবং কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিহত এক নারীর লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনাগুলো ঘটে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

অপরদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।