গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাগেজ এবং বস্তায় ভরা অবস্থায় পাওয়া এই দেহের খণ্ডাংশগুলো পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের পাশের কালভার্টের নিচে একটি নীল রঙের লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাগেজটি খুলে দেখতে পায় যে, তাতে অর্ধগলিত নারীর দেহের খণ্ডাংশ রয়েছে। এরপর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মরদেহের অন্যান্য অংশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, উদ্ধার হওয়া নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। দেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, "অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহ টুকরা করে লাগেজ ও বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে।