বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-র সুপার স্পেশালাইজড হাসপাতালে সরকারি বরাদ্দে ছয়টি লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয়েছে। এছাড়া আরও চারটি রোগীর জন্য লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএমইউ-র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিষয়টির তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিবছর এই হাসপাতালে ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট তিন দফায় এই ছয়টি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। প্রথম দফায় ১ ও ২ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ৩ ও ৪ জুলাই এবং সর্বশেষ ১১ ও ১২ সেপ্টেম্বর অস্ত্রোপচারগুলো সফল হয়। এসব অস্ত্রোপচারে ভারতের হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি (এআইজি) হাসপাতালের বিশেষজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিম কারিগরি সহযোগিতা প্রদান করে।
অস্ত্রোপচার বাস্তবায়নে বিএমইউ-র হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হেপাটোলজি এবং অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগসহ মোট ১৯টি বিশেষায়িত বিভাগ যৌথভাবে কাজ করেছে।
অধ্যাপক সিদ্দিকী জানান, প্রতিটি অস্ত্রোপচারের আগে দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং যাবতীয় আইনগত ও নৈতিক প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলা হয়েছে। বর্তমানে সুপার স্পেশালাইজড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে রোগীদের ফলোআপ ও নিয়মিত সেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, "রোগীদের আস্থা তৈরি করা চ্যালেঞ্জিং হলেও দৃঢ় মনোবল নিয়ে চিকিৎসাসেবার মান বাড়াতে সবার সহযোগিতা প্রয়োজন। ধারাবাহিক এই কার্যক্রম দেশে উন্নত লিভার প্রতিস্থাপন সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএমইউ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।"