কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় এবং তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি’ (পিজিডিআইটি) প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগামী জানুয়ারি ২০২৭ সাল থেকে এই এক বছর মেয়াদি কোর্সটি চালু হবে।
এই প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে সাধারণ তথ্যপ্রযুক্তির মৌলিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক কোর্সগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যাঁরা নিজেদের ক্যারিয়ারকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান, তাঁদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ।
কোর্সের কাঠামো ও উপযোগিতা:
এই প্রোগ্রামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, যেকোনো শাখার স্নাতক ডিগ্রিধারীরা এতে আবেদন করতে পারবেন। নন-আইটি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা যদি আইটি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে চান, তবে এটি তাদের জন্য আদর্শ। পাশাপাশি, বর্তমান পেশায় নতুন আইটি দক্ষতা যুক্ত করতে চাইলে, আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিলে বা প্রযুক্তি ও গবেষণায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেও এই পিজিডিআইটি প্রোগ্রামটি বিশেষভাবে উপযোগী।
পুরো প্রোগ্রামটি ৩৬ ক্রেডিটের একটি পূর্ণাঙ্গ একাডেমিক কাঠামোতে ১ বছর মেয়াদে সম্পন্ন করা হবে। চাকরিজীবী ও ব্যস্ত পেশাজীবীদের সুবিধার্থে ক্লাসের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে, সপ্তাহে ৪ দিন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য:
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং সর্বশেষ আপডেল পেতে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যায় ০১৭৭৯৪৮২৯৯৪ নম্বরে। এআই ও আধুনিক প্রযুক্তির এই যুগে নিজের পেশাগত জীবন সমৃদ্ধ করতে এবং ভবিষ্যৎমুখী ক্যারিয়ার গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটির এই পিজিডিআইটি প্রোগ্রাম একটি কাঙ্ক্ষিত পদক্ষেপ হতে পারে।