মিল্কভিটা ব্র্যান্ডের পর এবার বেসরকারি ডেইরি কোম্পানিগুলোও প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্রতি লিটার তরল দুধের দাম ১১০ টাকা। অন্যদিকে আধা লিটার প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে।
গত আগস্ট মাসের শুরুতে মিল্কভিটা তাদের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ায়। এর ফলে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম হয় ১১০ টাকা। ওই সময়ে মিল্কভিটার ৫০০ মিলিলিটার (আধা লিটার) স্ট্যান্ডার্ড লো-ফ্যাট দুধের দাম পাঁচ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং আধা লিটার টোন্ড মিল্কের দামও পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছিল।
মিল্কভিটার দাম বাড়ানোর দেড় মাস পরেই বেসরকারি কোম্পানিগুলোও একই ধরনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। আড়ং, প্রাণ এবং ফার্মফ্রেশসহ (আকিজ ডেইরি) কয়েকটি বেসরকারি কোম্পানি বাজারে তরল দুধ বিক্রি করে। মূল্য বৃদ্ধির পরে এসব কোম্পানির প্রতি লিটার তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম এখন ৫৫ টাকা।
তরল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্য, গ্যাস ও বিদ্যুৎ খরচসহ বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে। এ কারণে তারা দাম সমন্বয় করেছে। এর আগে মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে তাদের খরচ আগের তুলনায় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে।
এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও ঊর্ধ্বমুখী। চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় কোম্পানিগুলো। দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকার আশপাশে স্থির রয়েছে।