উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম টানা দুই মাস ধরে বৃদ্ধি পাচ্ছে। আগস্ট মাসে লিটারপ্রতি ২৮ টাকা ৫৩ পয়সা দাম বাড়ানোর পর সেপ্টেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে এ মাসে প্রতি লিটারের দাম দাঁড়িয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা, যা আগস্টে ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটারের দাম ১ দশমিক শূন্য ৩৫৮ ডলার থেকে বাড়িয়ে এ মাসে ১ দশমিক শূন্য ৭৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে। কমিশনের আদেশে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সবশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এর আগে জুন মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়।

এর আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ের মাধ্যমে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ৭ মে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।