খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী ছড়ার ওপর অবস্থিত বেইলি সেতুর পাটাতন হেলে পড়ায় ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই ঝুঁকি এড়াতে বাস, ট্রাকসহ সকল ভারী যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে খাগড়াছড়ি জেলা এবং রাঙ্গামাটির লংগদুসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ক্ষতিগ্রস্ত সেতুটিতে মেরামত কাজ শুরু হয়েছে। বর্তমানে মোটরসাইকেল ও ইজিবাইকের মতো হালকা যানবাহনগুলো চলাচল করলেও ভারী যানবাহন নিষিদ্ধ রয়েছে।
এ বিষয়ে বাসচালক মো. মুন্না বলেন, "সেতুতে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী নিয়ে যাতায়াত করতে পারছি না। বিকল্প পথে যেতে সময় ও খরচ দুটোই বেশি লাগছে। দ্রুত সেতুটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।"
পণ্যবাহী ট্রাকচালক মো. মীর হোসেন জানান, গাড়ি আটকে থাকায় সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না, ফলে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। তিনি বলেন, "সেতুর কাজ দ্রুত শেষ হলে দুর্ভোগ থেকে কিছুটা রেহাই মিলবে।"
স্থানীয় যাত্রী কৃষ্ণ দে জানান, বাস ও ভারী যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে। তিনি দ্রুত বিকল্প সেতুর কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বেইলি সেতুর পাশেই আরেকটি বিকল্প বেইলি সেতুর সংস্কারকাজ চলমান। এটি সম্পন্ন হলেই আবার সব ধরনের ভারী যান চলাচল শুরু হবে।
সওজ-এর নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, "বিকল্প সেতুটি মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আশা করছি আগামীকালের মধ্যেই কাজ সম্পন্ন করে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।"