কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকার বাসা থেকে নিখোঁজ হয়েছেন ফয়সাল (১৪) নামের এক কিশোর। সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে তার বাবা রাসেল মিয়া কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৫৮১।

জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে ফয়সালের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাননি। অবশেষে বাধ্য হয়ে তার বাবা থানায় জিডি করেন।

ফয়সালের বাবা রাসেল মিয়া জানান, তার ছেলে আগে একটি হাফেজি মাদ্রাসায় পড়ত। সেখানে পড়ালেখা ছেড়ে দেওয়ার পর তাকে একটি ওয়ার্কশপে কাজে দেওয়া হয়। গত শনিবার বাসায় দুষ্টুমি করায় তার মা তাকে চড় দেন। এরপর সে দুপুরের খাবার নিয়ে বাসা থেকে ওয়ার্কশপের উদ্দেশ্যে বের হয়। সেই থেকে সে নিখোঁজ রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফয়সালের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া অব্যাহত রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি ফয়সালের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাইফুর রহমান খান বলেন, "পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ফয়সাল কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। আমরা তার সন্ধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"