কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় সামাদ প্লাজার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল ইসলাম (৩৪) এবং হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল মজিদের ছেলে সাব্বির হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আফাজুল ও সাব্বিরসহ কয়েকজন শ্রমিক ওই ভবনে কাজ করছিলেন। এ সময় ভবনের চতুর্থ তলায় রড তোলাকার্য চলাকালীন রডটি ভবনের সামনে অবস্থিত বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ করে ফেলে। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।

কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"