ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের উদ্দিনের ছেলে সোহরাব হোসাইন এবং ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে আজিম উদ্দিন।
সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোহরাব হোসাইনকে (৫৫) ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে, আজিম উদ্দিন রোববার কারাগারে অসুস্থ হলে তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তির পর রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে দুই বন্দিকে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম জানান, তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য দুই মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।