কেরানীগঞ্জের মডেল থানা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় চৌকিদার সাদ্দাম হোসেন রাস্তা থেকে উদ্ধার করেছেন তিন শিশুকে, যাদের মধ্যে একজন মাত্র তিন মাস বয়সি। অভিযোগ, তাদের বাবা কারাগারে থাকায় এবং মা উধাও হওয়ায় অসহায় অবস্থায় পড়েছিলেন তারা।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুক্তিরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। কালিন্দী ইউনিয়ন পরিষদের চৌকিদার সাদ্দাম হোসেন জানান, তিনি দুপুরে ইউনিয়ন পরিষদের দায়িত্ব শেষে বিকাল ৩টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে মুক্তিরবাগ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে তিন মাস বয়সি শিশুটিকে কোলে নিয়ে দুই বোনকে কান্নাকাটি করতে দেখেন তিনি। পরপর কয়েকদিন ধরে না খেয়ে থাকা শিশুগুলোকে দেখে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন চৌকিদার। এরপর তিন শিশুকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেন।

উদ্ধার হওয়া শিশুরা হলো— আলিবা (৮), ইভা (৫) ও মুনিয়া (৩ মাস)। শিশুদের কাছ থেকে জানা যায়, তাদের বাবা ইমরান হোসেন বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অন্তরিন রয়েছেন। প্রায় তিন দিন আগে তাদের মা জান্নাত বেগম তিন সন্তানকে রেখে চলে গেছেন। এরপর থেকে তারা অসহায় অবস্থায় ছিল।

চৌকিদার সাদ্দাম হোসেন আরও জানান, কয়েকদিন আগে শিশুদের মা জান্নাত বেগম মুক্তিরবাগ এলাকায় তোরাব আলী নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নেন। তবে এখন তার অবস্থান অজ্ঞাত।

থানায় শিশুদের নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমান। অনেকেরই আগ্রহ প্রকাশ পেয়েছিল তিন মাস বয়সি শিশুটিকে দত্তক নেওয়ার।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল কদ্দুস মুক্তকণ্ঠকে জানান, উদ্ধার হওয়া তিন শিশুর মধ্যে দুই শিশুকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। আর তিন মাস বয়সি শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখা হচ্ছে। সাময়িকভাবে দত্তক দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুদের মা কোথায় আছেন এবং কী কারণে সন্তানগুলোকে রেখে চলে গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।