ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুড়িগঙ্গা নদী থেকে বর্জ্য সংগ্রহ করে জমা দিলে নাগরিকরা চাল, ডাল, তেল, ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে পারবেন। নদী দূষণ রোধ এবং জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত করতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ নামক এই ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
রাজধানীর সোয়ারীঘাট লঞ্চঘাটে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, নদী ও তার তীর থেকে সংগৃহীত প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য নির্ধারিত প্রক্রিয়ায় জমা দেওয়ার মাধ্যমে মানুষ খাদ্যপণ্য কিনতে পারবেন। এর ফলে নদীতীর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে এবং সাধারণ মানুষ বর্জ্য সংগ্রহে উৎসাহিত হচ্ছেন।
কর্মসূচির বিনিময় ব্যবস্থা অনুযায়ী, এক কেজি বর্জ্য জমা দিলে এক কেজি চাল, ছয়টি ডিম অথবা ৫০০ গ্রাম সুজি পাওয়া যাবে। দুই কেজি বর্জ্যের বিনিমিতে এক কেজি ছোলা, তিন কেজি বর্জ্যে এক কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি বর্জ্য জমা দিলে এক লিটার সয়াবিন তেল পাওয়া যাবে। এ ছাড়াও ভাসমান বাজারে চাল, ডাল, তেল, আটা, মাছ, মুরগি, লবণ, বিস্কুট ও নুডলসসহ অন্যান্য নিত্যপণ্য রাখা হয়েছে।
আয়োজকদের মতে, শুধুমাত্র নদী থেকে বর্জ্য অপসারণ করে দূষণ বন্ধ করা সম্ভব নয়; বর্জ্য নদীতে ফেলার প্রবণতা রোধ করতে মানুষের দৈনন্দিন আচরণ ও অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। সেই লক্ষ্যেই বর্জ্যের বিনিময়ে পণ্য দেওয়ার এই পদ্ধতি চালু করা হয়েছে। তাদের বিশ্বাস, এ উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে কেবল পরিত্যক্ত বস্তু হিসেবে না দেখে পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হিসেবে দেখার মানসিকতা গড়ে উঠবে। পাশাপাশি নদী ও নদীর পাড়ে বর্জ্য ফেলার প্রবণতা কমবে এবং পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে।
দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গা দূষণের অন্যতম কারণ হিসেবে নদী ও নদীতীরে কঠিন বর্জ্য জমা হওয়াকে আলোচনা করা হয়। এমন বাস্তবতায় পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করার এই উদ্যোগকে আয়োজকরা ভিন্নধর্মী প্রচেষ্টা হিসেবে দেখছেন। ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে বুড়িগঙ্গা ও এর আশপাশের এলাকার মানুষের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়বে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের অংশগ্রহণ বাড়িয়ে নদীকে দূষণমুক্ত করার কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।