জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্কিল-ভিত্তিক ১৫টি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর ২০২৬। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে প্রাথমিক আবেদনের কার্যক্রম চলবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিং, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনিউরশিপ, কালিনারি সায়েন্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম ও ট্রাভেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স, ক্যাপিটাল মার্কেট ও ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং ও বিজনেস টেকনোলজি, আইসিটি এবং বিভিন্ন ভাষা বিষয়ে এই পিজিডি কোর্সগুলো পরিচালিত হবে।
আগ্রহী প্রার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে বা পে-স্লিপ ডাউনলোড করে ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারীদের আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ১৯ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস) বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা নিয়ম ও শর্তানুযায়ী যোগ্য বিবেচিত হলে এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। যদি কেউ এই শর্ত লঙ্ঘন করে ভর্তি হয়, তবে তাঁর ভর্তি বাতিলের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। আবেদন ফর্মে দেওয়া কোনো তথ্য বা ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।