ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনে দাঁড়ানো বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়দের জানানো অনুযায়ী, রাতে যাত্রী নামানোর পর বাসটি মহাসড়কের সার্ভিস লেনে রাখা ছিল। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে বাসের সামনের অংশে আগুন ধরে যায়। স্থানীয়রা প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু করলেও ব্যর্থ হন। এরপর তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রাথমিক তদন্তে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরাই বাসে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।" তিনি জানান, আগুনে বাসের সিট ও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলমান রয়েছে।