ঢাকার সাভার এবং বরগুনায় পৃথক পৃথক ঘটনায় চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাভারে গত ২৫ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে এবং বরগুনায় পুলিশ লাইনসের সামনে রাখা একটি বিআরটিসি বাসে মধ্যরাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে অগ্নিকাণ্ডের সময় বাসগুলোতে কোনো যাত্রী বা কর্মী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

গত শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর গতকাল রোববার রাত একটার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে থাকা এসবি লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসের আসনগুলো পুড়ে যায়।

এর প্রায় তিন ঘণ্টা পর, আজ সোমবার ভোর চারটার দিকে সাভারের বলিয়ারপুরে একই মহাসড়কের আরিচামুখী লেনের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে বাসটির আসনগুলো পুড়ে গেছে।

ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম মুক্তকণ্ঠকে বলেন, “রাতে পার্ক করে রাখা বাস দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা বলে মনে হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোয় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।”

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, ঘটনাগুলো কেন ঘটছে, কারা জড়িত, এর সঙ্গে রাজনৈতিক, ব্যক্তিগত বা অন্য কোনো বিষয় জড়িত কি না, সবকিছু সামনে রেখে তদন্ত চলছে।

পুলিশের এই কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, “থানা স্ট্যান্ড এলাকায় বাসে আগুনের ঘটনায় ইতিমধ্যে নাশকতার মামলা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। বাকি দুটি ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।” একই সঙ্গে তিনি বাসমালিক, চালকসহ পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদ স্থানে যানবাহন রাখার অনুরোধ জানান।

অন্যদিকে, গতকাল মধ্যরাতে বরগুনা পুলিশ লাইনসের সামনে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিআরটিসির বাসটি পুলিশ লাইনসের সামনের সড়কে পার্ক করা ছিল। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ লাইনসের সদস্যরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির ইঞ্জিন কভারের ওপরের কাপড় পুড়ে যায়, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ক্ষতি থেকে রক্ষা পায় যানটি।

পুলিশের দাবি, বাসটির দরজায় তালা দেওয়া ছিল না, কেবল রশি দিয়ে বাঁধা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা সহজেই ভেতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় মামলা করা হবে কি না, সে বিষয়ে বিআরটিসির কর্মকর্তারা এখনো কিছু জানাননি।”

পুলিশ লাইনসের মতো সুরক্ষিত এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান। তাঁর অভিযোগ, এই ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে। তিনি বলেন, দেশে কয়েক দিন ধরে একটি চক্র অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল।