ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ সংক্রান্ত সকল ধরনের ভিসা প্রক্রিয়া এখন সহজ করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন ব্যাপক পরিমাণে ভিসা ইস্যু করছে।
রোববার রাজধানীর গুলশানে এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই তথ্য জানান উপহাইকমিশনার। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাতকালে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করার আহ্বান জানান ভারতের উপহাইকমিশনার।
এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন পবনকুমার বাধে। তিনি জানান, এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তাঁর দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে। এ বিষয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতাও চান তিনি।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, "বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে।" তিনি উদীয়মান এবং সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।