সাভারের আশুলিয়ায় জামগড়া চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ‘প্রীতি গ্রুপ’-এর এই কারখানায় আগুন লাগে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, কোনো বিস্ফোরণ থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সন্ধ্যা সাতটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।"