রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর মো. নাজমুল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সামগ্রিক চিত্র তুলে ধরেন উপাচার্য। দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে শিক্ষা ও প্রশাসনিক খাতে নেওয়া উদ্যোগ এবং সেগুলোতে আনা পরিবর্তনের বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কলেজ স্থাপনের উদ্যোগ, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও আইসিটি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলোও তুলে ধরা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার জন্য ইতোমধ্যে গৃহীত উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন উপাচার্য।