দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া অব্যাহত থাকে, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করাটাই শ্রেয়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন এই দাবি জানান।

বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম এবং খুলনার বিশ্ববিদ্যালয় ছাত্র মো. আজমুল হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এসব হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিপিবি নেতারা।

এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাশকতাকারীদের আইনের আওতায় এনে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানায় দলটি।

সিপিবির নেতারা বলেন, দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ অতীতের যেকোনো সময়ের চেয়ে মারাত্মক রূপ নিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের মধ্যে এখনো ২ হাজার ৩৮টি শিশুর সন্ধান মেলেনি। গড়ে প্রতিদিন ১০টির বেশি শিশু নিখোঁজ হচ্ছে। এসব শিশুকে হত্যা, বিদেশে পাচার কিংবা ভিক্ষাবৃত্তির মতো কাজে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

সিপিবির নেতারা বলেন, এসব ঘটনাই প্রমাণ করে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভেঙে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কাজে পূর্ণ মনোযোগ দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটানোর আহ্বান জানিয়ে সিপিবি বলেছে, ব্যর্থ হলে তাঁর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।