জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানাটি দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ পেয়েছে। গত ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী এই কারখানাটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও কৃষি বিশেষজ্ঞদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মুক্তকণ্ঠকে নিশ্চিত করেন যে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু করেছে। তবে গ্যাস আসা শুরু হলেও কারখানার যন্ত্রপাতি সচল করে ইউরিয়া উৎপাদন শুরু করতে আরও অন্তত ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন স্থগিত ছিল। প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে এই কারখানার। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।
dীর্ঘদিন পর গ্যাস সরবরাহ শুরু হওয়ায় স্থানীয়রা এবং কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে আগামী ১৫ দিনের মধ্যে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, "গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি সচল করে উৎপাদনে যেতে অন্তত ১৫ দিন সময় লাগবে।"