ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

কারখানার কর্মকর্তাদের দাবি অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর রাত সোয়া ১২টার দিকে অন্তত তিনজন দুর্বৃত্ত কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের মুখে মাস্ক ছিল এবং কারখানার পেছনের অংশে নিরাপত্তাব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা না থাকায় তাদের প্রবেশের দৃশ্য ধারণ করা সম্ভব হয়নি।

দুর্বৃত্তরা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে লকারের চাবি নিয়ে সেখানে থাকা ৭০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই বলেন, "বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরে। পরে চাবি চাইলে আমি চাবি দিই। এরপর তারা লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে যায়। তাদের মুখে মাস্ক ছিল এবং আমার হাত-পা বাঁধা ছিল।"

এ বিষয়ে কারখানার এক ব্যবস্থাপক জানান, রাতের দিকে দুর্বৃত্তরা বাথরুমের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চীনা কর্মকর্তাকে জিম্মি করে লকার থেকে টাকা নিয়ে যায়। কারখানার ওই অংশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।

এই ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, "রাত ১২টার পর সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানায় তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে এক চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ভুক্তভোগীর দাবি অনুযায়ী ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।"

তিনি আরও জানান, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।