গাজীপুরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ভাড়া বাসা থেকে ডেকে বের করে এক তরুণীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই হামলা চলে। পোশাক কারখানায় চাকরিজীবী সানজিদা আক্তার (২৩) নামের ওই তরুণী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি গাজীপুর নগরের আমবাগ আতাউর মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে এক যুবক এসে সানজিদাকে ভাড়া বাসার কক্ষ থেকে ডেকে বাইরে আনেন। এরপর অল্প সময়ের মধ্যেই ওই যুবক সানজিদার বুকে ছুরিকাঘাত করেন। আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর নগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে, এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"