গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। প্রবল সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই চালকের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।