বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাকারিয়া হোসাইন জাকির এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ ইসমাঈল খন্দকার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই নামগুলো ঘোষণা করা হয়। জানা যায়, চলতি মাসের ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে সারা দেশের সদস্যদের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর শনিবার বিকেল সাড়ে তিনটায় সদস্যদের উপস্থিতিতে সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এই নির্বাচনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনের অন্য দুজন সদস্য হলেন সাবেক সভাপতি অধ্যাপক মো. আবদুল জলিল ও সাবেক সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
নবনির্বাচিত সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাছিত আজাদ।
এ সময় মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন বলেন, ছাত্রসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান ভিত্তি। জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সমন্বয়ে ছাত্রদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সব স্তরে কোরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ করার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।