প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ শনিবার বাংলাদেশ সফররত চীনের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন। চট্টগ্রাম বন্দরে অবস্থানরত ‘থাং শান’ ও ‘দা ছিং’ নামের জাহাজগুলো ঘুরে দেখেন তারা। এই সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ বাংলাদেশ নৌবাহিনী ও চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাহাজ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা জাহাজের বিভিন্ন কক্ষে যান। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা নৌ সরঞ্জাম এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এ সময় তিনি জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার এবং সামরিক প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

গত বৃহস্পতিবার চীনের নৌবাহিনীর জাহাজ থাং শান, দা ছিং ও থাই হু পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে এই ধরনের সফর সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তা ছাড়া চীনা নৌবাহিনী জাহাজ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে যৌথ মহড়া পাসএক্সে অংশ নেবে।