দেশের চলমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম এ সংক্রান্ত নির্দেশনা দেন।

একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি না রাখার নির্দেশ দিয়ে বলা হয়েছে, দৈনিক চলাচল শেষে সব যানবাহন নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ বা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। এই নির্দেশনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের জন্য দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে এক বার্তায় ডিএমপি জানিয়েছে, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।