রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনিবার বিকেলে ওই কিশোরকে আটক করা হয়। বিষয়টি রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তল্লাশিচৌকিতে অভিযান চালানো হয়। সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়। ওই দিন বিকেল পাঁচটার পর কাটাখালী পৌর এলাকায় একটি তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যায়। এ সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে তারা। এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "কাটাখালী তল্লাশিচৌকিতে দুই মোটরসাইকেল আরোহী সিগন্যাল অমান্য করেন। তাঁদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
এদিকে, একই দিন বিকেলে মতিহার থানার আওতাধীন চৌদ্দপাই বিহাস এলাকায় আরেকটি তল্লাশিচৌকিতে অনুরূপ ঘটনা ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দায়িত্ব পালনরত মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদকে ধাক্কা দিয়ে ফেলে চলে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মতিহার থানায় এ নিয়ে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।