জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনস্থ ১০১টি প্রকল্পের বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়েছে। এছাড়া গত ১৬ বছরে মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তার হিসাবও জানতে চেয়েছে কমিটি।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ১০১টি প্রকল্পের যাবতীয় তথ্য উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন বন্ধ করার সুপারিশ করা হয়। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশের বৈধ ও অবৈধ ইটভাটার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন নির্মাণাধীন অবকাঠামোতে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারেরও সুপারিশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সদস্য জাহিদুল ইসলাম, মো. আবদুল মান্নান ও সুলতানা জেসমিন।