গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইসলাম (২০) আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ, কলেজ পরীক্ষার প্রস্তুতি ও ফলাফল নিয়ে গভীর মানসিক চাপ ও দুশ্চিন্তাই এই মর্মান্তিক ঘটনার কারণ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরিফা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বজনরা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফার বোন মাহমুদা খানম জানান, শরিফা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তিনি ব্যাপক দুশ্চিন্তায় ভুগছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শরিফার মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে মা-বাবার উদ্দেশে লেখা কিছু কথা রয়েছে, যেখানে পরীক্ষার প্রস্তুতি ও ফলাফল নিয়ে তাঁর উদ্বেগ ও দুশ্চিন্তার কথা উল্লেখ করা হয়েছে।
কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রিন্স আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "শরিফা কবিতা আবৃত্তি, বিতর্ক ও খেলাধুলায় সক্রিয় ছিল। গত ১০ সেপ্টেম্বর বিতর্ক সংসদের আয়োজনে সে ভালো বিতর্ক করেছিল এবং তাকে প্রশংসা করা হয়েছিল। তার এমন মৃত্যুতে আমি বিস্মিত।"
এদিকে, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত চলছে।