সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করেছে সরকার। অর্থ বিভাগ আজ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই আদেশে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, গ্রেড-১২ থেকে ২০ পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের মূল বেতন হবে ১ লাখ ৭২ হাজার টাকা। এতদিন তাঁদের মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা। এ ছাড়া সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮২ হাজার টাকা।

নিম্ন গ্রেডের কর্মকর্তাদের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গ্রেড-১-এ প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। একইভাবে, গ্রেড-২-এ বেতন ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ১৩ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা করা হয়েছে।

এভাবে মোট ২০টি গ্রেডে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড-৫-এ বেতন ৪৩ হাজার থেকে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এ ২৯ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা, গ্রেড-৮-এ ২৩ হাজার টাকা থেকে ৪৬ হাজার টাকা, গ্রেড-৯-এ ২২ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকা এবং গ্রেড-১০-এ ১৬ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

গ্রেড-১১-এ প্রারম্ভিক মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা হয়েছে। গ্রেড-১২-এ বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩-এ ১১ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ টাকা থেকে ২৩ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, গ্রেড-১৬-এ বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এ ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার টাকা, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।