নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে আনসার ভিডিপি (ভলান্টিয়ার ডিফেন্স পার্টি) এর সাবেক সদস্য শাহজাহান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত শাহজাহান আলী একই উপজেলার চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আনসার ভিডিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস ও নিহতের ছেলে আসিফ আলী জানান, বৃহস্পতিবার কোয়ালিপাড়া গ্রামের আব্দুল খালেকের পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট ব্যবহার করা হয়। ফলে পুকুরের মাছগুলো মরে ভেসে ওঠে। শুক্রবার রাতে শাহজাহান আলী সেই পুকুরে মাছ ধরতে যান এবং তখন থেকেই তিনি বাড়িতে ফিরেননি। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুকুরপারে গিয়ে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নাটোর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট খোন্দকার মাহফুজ জানান, শাহজাহান আলী এক সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত ছিলেন। বয়সের ভারে কিছু বছর আগে তিনি চাকরি ছেড়ে অবসর নিয়েছিলেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর উপজেলার কর্মকর্তাদের তাকে নিয়ে খোঁজখবর নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।