চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক ঠিকাদার নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের সাথে ভবনের কাজ চলাকালীন অসাবধানতাবশত দেলোয়ার হোসেন পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিষয়টি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"