বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সতর্ক করে দিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে ইতিহাসে বিএনপিকে বিশ্বাসঘাতক দল হিসেবে চিহ্নিত করা হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, "মদিনার ইসলামের কথা বলে মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে হলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে।" তিনি বর্তমান সরকারকে সতর্ক করার উদ্দেশ্যেই এই লংমার্চ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান। এরপর তিনি যোগ করেন, "আমাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। আমি আল্লাহর রাসুল (সা.)-এর সিরাত ও জীবন অধ্যয়ন করে দেখতে পেরেছি, আল্লাহর নবী সবচেয়ে বেশি যে অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন, সেটা হলো গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা।"
লংমার্চের বিষয়ে মামুনুল হক মন্তব্য করেন, "লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান থেকে শুরু করে তাদের দল ও তাদের দোসরদের মাথা নষ্ট হয়ে গেছে।" তিনি আরও বলেন, "আমরা বলতে চাই, আজ ১১ দল দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করছে। আমরা হরতালে যাইনি, অবরোধে যাইনি। জনদুর্ভোগ লাঘবে আমাদের কর্মসূচিতে নজিরবিহীনভাবে তার প্রতি লক্ষ্য রেখেছি।"
১১ দলীয় ঐক্যের আন্দোলনের প্রেক্ষাপটে বিকেএমের আমির বলেন, "১১ দল বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে এক নতুন মাইলফলক তৈরি করবে। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমাদের সংগ্রাম হবে গণসম্পৃক্ত। গোটা বাংলার কোটি কোটি জনতাকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায় করতে ব্যর্থ হয়, তাহলে সেই আন্দোলন আরও বেগবান হবে।"