রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (ইসকেমিক স্ট্রোক) হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজ রাত সোয়া ১২টার দিকে মুক্তকণ্ঠকে বলেন, "আখতার হুসেনের মস্তিষ্কে রক্তক্ষরণ (ইসকেমিক স্ট্রোক) হয়েছে।" তিনি জানান, শরীরে রক্তচাপ কমে যাওয়ায় তাকে জরুরি ভিত্তিতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আখতার হুসেনের ছেলে প্রমিত হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে রক্তচাপ নেমে যাওয়া ও নানা শারীরিক জটিলতার কারণে প্রথমে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বারডেম হাসপাতাল হয়ে তাকে গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রমিত হুসেন আরও বলেন, চিকিৎসকেরা তাঁর বাবার শারীরিক অবস্থা সংকটজনক বলে উল্লেখ করেছেন। এই কঠিন সময়ে তিনি সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শিশুসাহিত্যিক আখতার হুসেন প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বাংলা সাহিত্যে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।