অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হয়ে ৩৩ মাস ভারতীয় কারাগারে কাটানোর পর দেশে ফিরেছেন তিন বাংলাদেশি। তাদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। ফেরত আসা ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর সোনাহাট বিজিবি ক্যাম্প থেকে তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এই তিনজন। ৩৩ মাস কারাভোগের পর মুক্তি পেলে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, "তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।"